বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরের মধুখালী উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার সড়কের পাশে থাকা একটি দেয়ালে ধাক্কা দিলে রেশমা বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি প্রাইভেটকার গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশের একটি দেয়ালে সজোরে আঘাত করলে এতে থাকা রেশমা বেগম গুরুতর আহত হন।
খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।
দুর্ঘটনার পর করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি জব্দ করে। পরে পুলিশ হাসপাতাল মর্গে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।