দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ফরিদপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫২ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত তিনদিনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গত ৫ সেপ্টেম্বর রাতে নগরকান্দা উপজেলার সুতরকান্দা গ্রামের বাসিন্দা নুরুন নাহার (৭০) এবং একই দিন সকালে মধুখালী উপজেলার খোদা বাশপুর গ্রামের তরুণ ইমন শেখ (২০) মারা যান। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে ফরিদপুরে মোট ৩০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ২৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং সর্বদা মশারি ব্যবহারের বিকল্প নেই। কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে জেলা প্রশাসক (ডিসি) মো. মাজহারুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে।