দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ফরিদপুরে হাইওয়ে থানার পাশে পার্কিং করে রাখা একটি পরিত্যক্ত ও জব্দ করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে করিমপুর হাইওয়ে থানার নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির ভেতরের অধিকাংশ অংশ পুড়ে যায়। থানার কাছেই এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে বাসটি বেশ কিছুদিন আগে জব্দ করা হয়েছিল। পরে করিমপুর হাইওয়ে থানার নতুন ভবনের সামনের সড়কের পাশে এটি পার্কিং করে রাখা হয়। শুক্রবার রাতে জনশূন্যতার সুযোগে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১০টার দিকে থানার সামনে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।