দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
আগামী বছর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে নামিবিয়া। মেগা এই ইভেন্টকে কেন্দ্র করে নিজেদের মধ্যাকার ক্রিকেটীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে নামিবিয়া ক্রিকেট।
আগামী ২৮ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উইন্ডহুকে চলবে এই সিরিজ। সাতটি ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে নামিবিয়ার এই রাজধানীতে। যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি জোরদারের পাশাপাশি এই আয়োজনকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া ‘আফ্রিকান কাপ’-এর মূল ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, প্রতিবেশীদের সঙ্গে এমন আয়োজন দক্ষিণ আফ্রিকান অঞ্চলের ফুটপ্রিন্টকে আরও শক্তিশালী করবে এবং যৌথ বিশ্বকাপ আয়োজনের যে আমেজ, তা বহুলাংশে বাড়িয়ে দেবে।
অন্যদিকে নামিবিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী জোহান মুলার দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। এই যৌথ উদ্যোগ পুরো আফ্রিকা মহাদেশে ক্রিকেটের বিস্তারকে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।