দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে লিটন সরকার (৩০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন সরকার নোয়াহাটি এলাকার বাসিন্দা ঠাকুর ধন সরকারের একমাত্র সন্তান।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে লিটন সরকার নিজ বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করতে যান। সকালে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে বজ্রপাত শুরু হলে একটি বজ্র সরাসরি তাঁর ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে স্বজনদের খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও প্রিয় সন্তানকে হারিয়ে স্বজনদের মধ্যে চলছে মাতম। লিটনের এই আকস্মিক মৃত্যুতে পুরো নোয়াহাটি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।