দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
সারাদেশে সম্ভাব্য বোমা হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সারাদেশের পুলিশ ইউনিটগুলোতে এই জরুরি বার্তা পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায় থেকে শুরু করে সারা দেশে রাতের চেকপোস্ট, নিয়মিত টহল ও নম্বরযুক্ত মোবাইল ডিউটিতে নিয়োজিত সদস্যদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ওয়্যারলেস বার্তা ও পৃথক চিঠির মাধ্যমে বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে এই নির্দেশনা কার্যকর করার বার্তা পৌঁছানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে মাঠপর্যায়ের সদস্যদের নিয়মিত সতর্ক করা হলেও এবার উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা বোমা হামলা বা বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলে বিশেষ তথ্য রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতেই বাহিনীজুড়ে এই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।