দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় বিপ্লব হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের মোয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব হোসেন যশোরের মনিরামপুর উপজেলার জালালপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। জীবিকার তাগিদে স্ত্রী ও দুই সন্তানকে দেশে রেখে প্রায় ছয়-সাত বছর আগে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে এক সহকর্মীর মোটরসাইকেলে চড়ে জোহর রাজ্যের মোয়া এলাকায় একটি বাড়িতে টাইলস বসানোর কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বিপ্লব। পথিমধ্যে স্থানীয় কয়েকজন যুবক অত্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এ সময় ছিটকে রাস্তার পাশে পড়ে একটি দেওয়ালে সজোরে আঘাত পান বিপ্লব। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই সবুজ হোসেন জানান, তাদের পরিবারটি অত্যন্ত অসচ্ছল। অতীতে ধারদেনা করে বিপ্লবকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছিল। নতুন করে কাগজপত্র তৈরি করতে না পারায় তিনি সেখানে অনিয়মিতভাবে কাজ করছিলেন এবং এখনো ঋণের বোঝাই পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। এর মধ্যেই এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং তারা চরম দিশেহারা হয়ে পড়েছেন।