ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে যত্রতত্র ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের ব্যবহৃত বর্জ্য ফেলে রাখায় চরম অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে। ড্রেন ও নালা-নর্দমার আশপাশে ময়লার স্তূপ জমে থাকা এবং নানা স্থানে পানি জমে থাকায় এডিস মশার বংশবৃদ্ধির আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা। বিশেষ করে চলমান ডেঙ্গু মৌসুমে এমন পরিবেশ হাসপাতাল এলাকায় স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে পলিথিন, প্লাস্টিকের বোতল, ড্রেন থেকে তোলা বর্জ্য ও মেডিকেল আবর্জনা উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধের পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার উপযুক্ত প্রজননস্থলে পরিণত হচ্ছে প্রাঙ্গণটি।
হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনেরা অভিযোগ করে জানান, শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে এসে যদি ডেঙ্গুর মতো মশাবাহিত কোনো রোগে আক্রান্ত হতে হয়, তবে তা অত্যন্ত আশঙ্কাজনক। একটি গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে যেখানে সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখার কথা, সেখানে এমন জরাজীর্ণ পরিবেশ কোনোভাবেই কাম্য নয়।
এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দ্রুত পুরো প্রাঙ্গণ ও নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন করা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশক নিধন ওষুধ স্প্রে করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হাসপাতাল এলাকাতেই ডেঙ্গুর সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে।