দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে এসআরবি (SRB) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভেজাল ওষুধ মজুদের অপরাধে জিল্লুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফরিদপুর কোতয়ালী এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব রহমান আকাশ। এতে সার্বিক সহযোগিতা করে এসআরবি-১০ এর একটি দল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআই-এর অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রি এবং মজুদের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে অভিযুক্ত জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া অভিযানকালে জব্দ করা বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে প্রতিষ্ঠালগ্ন থেকেই তৎপর রয়েছে এসআরবি। বিশেষ করে ভেজাল ওষুধ বিক্রি ও মজুদ, মাদক, জালিয়াতি এবং নকল প্রসাধনী ও পণ্য নির্মূলে তাদের এ ধরনের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।
জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে এসআরবি। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃর্পক্ষ।