রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ও প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করে।
নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে লাশের পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন উদ্ধার করা হয়। পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। লাশে প্রাথমিকভাবে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরবর্তীতে মৃত্যুর সঠিক কারণ ও সময় নির্ধারণে সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, তাহসিফ সুরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন এবং গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে সামরিক উড়োজাহাজে চড়ে দেশত্যাগের সময় যে চাঞ্চল্যকর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেটি তৎকালীন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে বিশেষ আলোচনা রয়েছে।
(সূত্র: ইত্তেফাক/এসএইচ)