খুলনায় মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে ছাত্রদল ও যুবদলের দুই নেতাসহ তিন যুবক গুলিবিদ্ধ হয়েছেন এবং ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও একজন। গুলিবিদ্ধ প্রত্যেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পর পর ঘটে যাওয়া এসব সহিংস ঘটনার ফলে খুলনা নগরী ও জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওহিদুল ইসলাম বাদল (৪৫) নামের এক যুবদল নেতা। খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এই ঘটনা ঘটে। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাদল উপজেলার তেঁতুলতলা এলাকার আলতাফ হাওলাদারের ছেলে এবং তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা জেলা যুবদল আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বাদল। পথিমধ্যে দুর্বৃত্তদের ছোড়া দুটি গুলি তাঁর বুক ও কোমরে বিদ্ধ হয়।
এর আগে একই দিন বেলা ১১টার দিকে নগরীর নিরালা ১৭ নম্বর রোডে সালমান (২৩) নামের এক তরুণকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। আহত সালমান ১৬ নম্বর রোডের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে এবং তিনি পেশায় একটি সিগারেট কোম্পানির কর্মচারী। প্রত্যক্ষদর্শীরা জানান, সালমান নিজের অফিসের সামনে কাজ করার সময় একটি মোটরসাইকেলে এসে তিন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ব্যাগে নগদ টাকা ছিল—এমন ধারণা থেকেই ছিনতাইকারীরা এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এরও আগে গত সোমবার (২৬ অক্টোবর) মধ্যরাতে বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে এক ছাত্রদল নেতা গুরুতর আহত হন। সোহেল বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে এবং তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় দুটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি তাঁর ডান হাত ও পেটের ডান পাশে বিদ্ধ হয়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অন্যদিকে, সোমবার সন্ধ্যায় খুলনা মহানগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকার খাদিমুল মাদ্রাসার পাশের গলিতে ৬-৭ জনের একদল ছিনতাইকারী রাসেল (৩২) নামের এক ব্যক্তির ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের ধারালো ছুরির আঘাতে আহত রাসেলের কাছ থেকে তারা নগদ ৬০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহত রাসেল লবণচরা থানাধীন পুটিমারি রেলব্রিজ এলাকার বাসিন্দা আবুল কালাম শেখের ছেলে। তিনি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
(সূত্র: ইত্তেফাক/এনএন)