1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

আদালতের নির্দেশে মালিকের কাছে ফিরছে ‘থানা হেফাজতে থাকা’ সেই আলোচিত হাতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১১৯ Time View
ফরিদপুরের সদরপুর থানা প্রাঙ্গণে কলাগাছ ও ঘাস খেয়ে সময় পার করছে হেফাজতে থাকা হাতিটি।
সড়কে চাঁদাবাজির সময় দুর্ঘটনা কেন্দ্র করে ফরিদপুরের সদরপুর থানায় এক সপ্তাহ রাখা হাতিটি আদালতের আদেশে ফিরে যাচ্ছে আসল মালিকের জিম্মায়।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদাবাজির সময় ইজিবাইক উল্টে শিশু মৃত্যুর ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া আলোচিত হাতিটি অবশেষে আদালতের আদেশে মালিকের কাছে হস্তান্তর করা হচ্ছে। দীর্ঘ এক সপ্তাহ ধরে সদরপুর থানা চত্বরে থাকার পর মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এ সংক্রান্ত আদালতের নির্দেশনা হাতে পায় থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ জুলাই দুপুরে সদরপুরের আটরশি এলাকায় সড়কে হাতি দিয়ে টাকা তোলার সময় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের কোলে থাকা ১০ মাস বয়সী শিশু আরিশা জান্নাত মারা যায়। এই ঘটনার পর উত্তেজিত জনতা হাতি ও মাহুতকে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করে। পরদিন পুলিশ গ্রেপ্তারকৃত মাহুত বকুল মিয়াকে আদালতে পাঠায় এবং হাতিটির জিম্মা বা স্থানান্তরের বিষয়ে আদালতের নির্দেশনা চায়। আইনি প্রক্রিয়া শেষে আদালত হাতিটি এর মূল মালিক, নওগাঁর বাসিন্দা দুলাল দেওয়ানের কাছে হস্তান্তরের আদেশ দেন।

গত সাত দিন ধরে সদরপুর থানা চত্বরে হাতিটিকে রাখা নিয়ে বেশ বেকায়দায় পড়তে হয়েছিল পুলিশকে। বিশালাকৃতির প্রাণীটির জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে কলাগাছ ও ঘাসের ব্যবস্থা করতে পুলিশ ও নতুন মাহুতকে বেশ হিমশিম খেতে হয়। তবে থানা চত্বরে বিশালাকার এই অতিথির বিচরণ দেখতে প্রতিদিন উৎসুক জনতার ভিড় জমেছিল।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ জানান, আদালতের নির্দেশের কপি হাতে পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই হাতিটি মালিকের প্রেরিত প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT