বাংলার আকাশ ডেস্ক :
দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজের পিতা সৈয়দ নজরুল আলম (নশু মিয়া) আর নেই। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, সৈয়দ নজরুল আলম ফরিদপুর জেলার চাঁদপুর ইউনিয়নের চতর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মরহুম আলহাজ সৈয়দ আবু মোহাম্মদ হাসান বাদশা মিয়ার পঞ্চম পুত্র।
জীবদ্দশায় তিনি পরিবার ও সমাজে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এদিকে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ প্রেসক্লাবের সদস্যরা পৃথক শোকবার্তায় সৈয়দ নজরুল আলমের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। পরিবারের সদস্যরা সবার কাছে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।