বাংলার আকাশ ডেস্ক :
লেবাননে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সংস্থাটি পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতার পর বুধবার (৮ এপ্রিল) স্বল্প সময়ের ব্যবধানে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। এতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার পর রেড ক্রস একটি বিবৃতি প্রকাশ করে, তবে সেখানে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।
লেবাননে আইসিআরসির প্রতিনিধি এ্যাগনেস ধুর বলেন, সাধারণ মানুষ একটি স্থায়ী যুদ্ধবিরতির অপেক্ষায় ছিলেন। কিন্তু নতুন করে হামলা তাদের সেই আশায় বড় ধাক্কা দিয়েছে। আহতদের নিয়ে স্বজনরা হাসপাতালে ছুটছেন, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, অনেক মানুষ তাদের ঘরে ফেরার পরিকল্পনা করছিলেন। কিন্তু এখন তারা হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজে এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন। পরিস্থিতির কারণে নিরাপত্তা দিন দিন আরও অনিশ্চিত হয়ে উঠছে।