দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পূর্বাঞ্চলীয় মেজোকেরেস্টেজের কাছে এম-৩ মহাসড়কে রোববার ভোররাতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ১২ জন পোলিশ পর্যটক নিহত হয়েছেন। সার্বিয়া থেকে পোল্যান্ডগামী কোচটি রাত ১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে উল্টে যায়। এ ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর এবং ৩৭ জন সামান্য আহত হয়েছেন।
বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ও দুজন চালক ছিলেন। হাঙ্গেরির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, দুর্ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে জানালা কেটে টেনে বের করতে হয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের। পরবর্তীতে দুটি ক্রেন ব্যবহার করে বাসটি খাদ থেকে তুলে আনা হয়।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লো সিকোরস্কি ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে জানান, তাদের কনস্যুলার সেবা সক্রিয় রয়েছে এবং তারা হাঙ্গেরি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।
উল্লেখ্য, ২০০৩ সালে সিওফকে ট্রেন-বাস সংঘর্ষে ৩৩ জন এবং ২০০২ সালে বাল্যাটনসেন্টগিয়র্গির কাছে পোলিশ তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হওয়ার পর এটিই হাঙ্গেরির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।