দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মো. মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে এই অভিযান চালানো হয়। অভিযুক্ত মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
অভিযান ও স্থানীয়দের ভূমিকা স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে একটি অটোরিকশায় করে ২০ থেকে ২৫ বস্তা সার ওই গুদামে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরে তাঁর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় সহকারী কমিশনারের সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আইনগত ব্যবস্থা ঘটনার বিস্তারিত পর্যালোচনা শেষে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী বিনির্দেশ বা নিয়মবহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং গুদামে মজুদ করা ১৮ বস্তা ইউরিয়া সার সরকারের অনুকূলে জব্দ করা হয়।
কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়ম বহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে অভিযুক্তকে আর্থিক জরিমানার পাশাপাশি সারগুলো জব্দ করা হয়েছে।