ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ও তাঁর স্ত্রী তানিয়া আক্তার রুমার বিরুদ্ধে ৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে এই নোটিশ জারি করা হয়েছে।
দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র বাংলার আকাশকে বিষয়টি নিশ্চিত করেছে।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ও তাঁর স্ত্রীর নামে রাজধানীর মিরপুরের পল্লবীতে ১ হাজার ৩০০ বর্গফুটের ফ্ল্যাট, একই এলাকায় ১৩ কাঠা জমি এবং মিরপুরের ব্লক-ক্লেন-৮-এ সাড়ে ৬০০ বর্গফুটের ফ্ল্যাটসহ প্রায় তিন কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে একটি বড় অংশ তাঁদের জ্ঞাত আয়বহির্ভূত বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মিলেছে।
যদিও আয়কর বিবরণীতে কাগজে-কলমে আয় ও ব্যয়ের হিসাব মেলানো হয়েছিল, তবে দুদকের গভীর অনুসন্ধানে সেই তথ্যের সঙ্গে বাস্তব সম্পদের বড় ধরনের অমিল পাওয়া যায়। অনুসন্ধান কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে কমিশন তাঁদের বিরুদ্ধে পৃথক পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারি করার চূড়ান্ত নির্দেশনা দেয়।
দুদকের উপ-পরিচালক রেজাউল করিমের সই করা নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, তাঁরা নিজ ও স্বনামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। আদেশে বলা হয়, নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নিজের ও ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা কোনো মিথ্যা বিবরণী দেওয়া হলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৫(২) ধারা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দুদক কর্মকর্তা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে জনসংযোগ দপ্তরে কথা বলার পরামর্শ দেন। অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।