দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
রাষ্ট্রপতি নির্বাচন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান প্রধানমন্ত্রী। এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরের সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাবা ও মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তিনি ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে সেখানে দাঁড়িয়ে থাকেন। পরে জিয়ারত শেষে তিনি রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ের উদ্দেশে রওনা হন।
গুলশানের কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ আদায় করেন। এরপর তিনি একটি সাংগঠনিক সভায় অংশ নেন।