বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের চর হাটঘাট এলাকায় সাম্প্রতিক চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। রাত হলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামবাসী। তাদের অভিযোগ, গত কয়েক মাসে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত চার মাসে এলাকায় অন্তত ডজনখানেক চুরি এবং দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও ১০ থেকে ১২টি গরু চুরি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
এ অবস্থায় মঙ্গলবার বিকেলে চর হাটঘাট গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় পুলিশি টহল বৃদ্ধি, চুরি-ডাকাতি প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, গ্রামবাসী নিজেরাই রাত জেগে পাহারা দিচ্ছেন, তবুও চুরি ঠেকানো যাচ্ছে না। সম্প্রতি কয়েকজনের বাড়ি থেকে একাধিক গরু চুরি হয়েছে। এছাড়া দুটি বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।