রাজধানী জুড়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫৩০ জনকে আটক করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন থানায় ৪২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ৮টি ক্রাইম বিভাগ ও বিশেষায়িত ইউনিটের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় দিনভর এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিস্ফোরক সামগ্রী ও উদ্ধারকৃত মালামালসহ আসামীদের গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, বিভিন্ন বিভাগের অভিযানে আটকদের মধ্যে— মিরপুর বিভাগ সর্বোচ্চ ১৭৫ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, লালবাগ বিভাগ ৫৬ জন, উত্তরা বিভাগ ৪৫ জন, গুলশান বিভাগ ৩৬ জন, রমনা বিভাগ ২৭ জন এবং সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ৩ জনকে আটক করেছে।
অভিযান চলাকালীন সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৯ কেজি গাঁজা, ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ২ বোতল বিদেশি মদ, বিস্ফোরিত ককটেলের বিভিন্ন খণ্ডিতাংশ ও পেরেক, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে পুলিশের পরিচালিত এ অভিযানে ১ জন ভুক্তভোগীকেও সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।