ফরিদপুর পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম জোরদার করতে পৌর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ।
মঙ্গলবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান। সভা পরিচালনা করেন পৌরনির্বাহী কর্মকর্তা তানজলুর রহমান।
সভায় পৌর এলাকার নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা জানান, পৌরসভার ২৭টি ওয়ার্ডে বিপুল সংখ্যক নাগরিক বসবাস করেন এবং তাদের সেবার মান বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আলোচনায় দ্রুত রাস্তা ও ড্রেন নির্মাণ, মশক নিধন কার্যক্রম জোরদার এবং শহরের সৌন্দর্যবর্ধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যানজট নিরসন, আইল্যান্ডে সবুজায়ন, ছাদ বাগান সম্প্রসারণ এবং সোলার লাইট স্থাপনের পরিকল্পনাও তুলে ধরা হয়।
এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন পৌরসভার কর্মকর্তারা।