দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
চট্টগ্রাম নগরীতে আন্তর্জাতিক অনলাইন জুয়া ও আর্থিক প্রতারক চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের ৬৩ জন নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানে তাঁদের কাছ থেকে সাইবার অপরাধে ব্যবহৃত বিপুল পরিমাণ প্রযুক্তিগত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া মিডিয়া সেন্টারে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহমেদ। এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
অনুসন্ধান ও প্রাথমিক তদন্তের তথ্য:
জব্দকৃত প্রযুক্তি সামগ্রী ও নথি: অভিযান স্থান থেকে পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের ১৩৪টি ব্যবহৃত মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, ১টি আইপ্যাড, সিপিইউ, মনিটর, প্রিন্টার, একাধিক পেনড্রাইভ ও সিমকার্ড উদ্ধার করেছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে পাকিস্তানের ৩টি জাতীয় পরিচয়পত্র এবং ১টি কম্বোডিয়ান ওয়ার্ক পারমিট কার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় ই-ট্রানজেকশন ও সাইবার অপরাধ দমন আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।