দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
হাইকোর্টে একই বিষয়ে একাধিক রিট মামলা দায়ের করে তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণা করার অভিযোগে রিটকারী মোহাম্মদ নুর আলম ও তাঁর আইনজীবী সুফিয়া আহামেদকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ। নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, যাত্রাবাড়ী এলাকার একটি ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক রিট দায়ের করেন রিটকারী নুর আলম। তবে আগের রিট মামলার তথ্য গোপন রেখে নতুন করে মামলা করার বিষয়টি আপিল বিভাগের দৃষ্টিগোচর হয়। আদালতের সঙ্গে এমন প্রতারণামূলক আচরণের কারণে রিটকারী ও তাঁর আইনজীবীকে পৃথকভাবে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
আদালতের দেওয়া নির্দেশ অনুযায়ী, জরিমানার এই অর্থ আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা শিশু হাসপাতালে জমা দিতে হবে। শুনানিতে রিটকারীর পক্ষে সিনিয়র আইনজীবী এএম মাহাবুব উদ্দিন খোকন এবং অপর পক্ষে সিনিয়র আইনজীবী অনিক আর হক, সিনিয়র আইনজীবী মো. শিশির মনির ও আইনজীবী অমিত দাশ গুপ্ত অংশ নেন।