দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
রাজশাহী: বাংলাদেশ পুলিশকে কোনো দল বা স্বার্থান্বেষী গোষ্ঠীর ব্যবহারের হাতিয়ার না বানিয়ে একটি মানবিক, প্রযুক্তিনির্ভর ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশ কোনো দলীয় লাঠিয়াল বাহিনী নয়; দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান কঠোর বা ‘জিরো টলারেন্স’।
রবিবার সকালে রাজশাহীর ঐতিহ্যবাহী সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন:
“বিগত শাসনব্যবস্থায় দলীয়করণের কারণে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন হয়েছে। সাধারণ মানুষ যেন সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
তিনি আরও যোগ করেন, অপরাধ দমনে ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে আধুনিক প্রযুক্তিনির্ভর কারিগরি দক্ষতা অর্জন করতে হবে, যাতে পুলিশ নিজেদের প্রকৃত অর্থেই জনগণের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে তুলে ধরতে পারে।