দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
সরকারের প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পদোন্নতির সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম। প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের প্রথম ধাপে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কারো বর্তমান কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে, তাঁরা কর্মরত দপ্তরের হালনাগাদ তথ্য উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন। কর্মকর্তারা তাঁদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে দাখিল করতে পারবেন।
এছাড়া প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য উঠে এলে উক্ত আদেশ সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।