ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদপুর মুসলিম মিশন প্রতিষ্ঠার অন্যতম পথপ্রদর্শক, প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টায় ফরিদপুর প্রেস ক্লাবের ‘মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে’ প্রেস ক্লাবের উদ্যোগে ‘সাংবাদিক লিয়াকত হোসেন স্মরণে আমাদের শ্রদ্ধা’ শীর্ষক এই স্মরণসভার আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের জীবন ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, অধ্যাপক এবিএম সাত্তার, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আব্দুস সামাদ, অধ্যাপক মো. শাহজাহান, সাংবাদিক পান্নাবালা, মরহুমের দুই ছেলে সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি ও সাব্বির হোসেন মুন, ফরিদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান সাবুল এবং বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, অধ্যাপক লিয়াকত হিমু, মরহুমের দুই পুত্রবধূ সুফিয়া ইয়াসমিন ও নাজনীন আকতার, বিলকিস বানু, খুশি খন্দকার, রুবিয়া মিল্লাত, শাহনাজ বেগম লিপি, ফরিদা বেগমসহ ফরিদপুর প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মরহুম লিয়াকত হোসেনের বর্ণাঢ্য জীবন, কর্ম এবং স্থানীয় সাংবাদিকতায় তাঁর ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, ফরিদপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠায় মূল নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সমাজসেবামূলক প্রতিষ্ঠান ফরিদপুর মুসলিম মিশন গড়ে তোলার ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রণী পুরুষ। তাঁর এই বহুমুখী অবদান ফরিদপুরের সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও উল্লেখ করেন, লিয়াকত হোসেন ছিলেন একজন সৎ, নীতিবান ও আদর্শবান বস্তুনিষ্ঠ সাংবাদিক। তিনি সাংবাদিকতাকে শুধুই একটি পেশা হিসেবে নেননি, বরং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এক মহান ব্রত হিসেবে পালন করেছেন। তাঁর পেশাদারিত্ব, সততা ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। নতুন প্রজন্মের গণমাধ্যমকর্মীদের তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সমাজ পরিবর্তনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে প্রয়াত সাংবাদিক লিয়াকত হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল।