দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার পরিচিতি সভা ও ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর) শহরের টেরাকোটা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আনিস মোল্লার নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি শেখ সাইফুল ইসলামের অহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহীদুল ইসলাম রাসেল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব এবং ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক এম এ রেজওয়ান বিশ্বাস তরুণ। এছাড়াও অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নাজরীন রহমান ও মহানগর মহিলা দলের আহ্বায়ক রোকসানা পারভিন পাপিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করা, পেশাজীবীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের কল্যাণে কাজ করার ওপর জোরালো গুরুত্বারোপ করেন। তারা বলেন, “কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যাবে না এবং জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে কাজ করতে হবে।”
বক্তারা জাতীয়তাবাদী পেশাজীবী দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে জেলা শাখার কার্যক্রমকে স্বাগত জানানো হয় এবং পরবর্তীতে অতিথিদের অংশগ্রহণে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়।