দৈনিক বাংলার আকাশ ডেস্ক: মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। পারিবারিক অভিনয়ের ঐতিহ্য বজায় রেখে দীর্ঘদিন ধরে ভারতীয় বাংলা ও হিন্দি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে চলেছেন তিনি। বয়স ৪৭ পেরোলেও এখনও অবিবাহিত রয়ে গেছেন এই অভিনেত্রী। তবে জীবনযাত্রার এই পর্যায়ে এসে বিয়ের তাগিদ আর অনুভব করেন না বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি।
সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন রাইমা।
হলিউড তারকা টম ক্রুজকে ভীষণ পছন্দ করেন রাইমা। মজা করে তাকে প্রশ্ন করা হয়েছিল, টম ক্রুজকে না পাওয়ার আক্ষেপেই কি তিনি একা আছেন? হাসতে হাসতে রাইমা জানান, তার বোনও এ নিয়ে তাকে প্রায়ই মজা করেন। তবে সত্যি বলতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিয়ের তাগিদ আর তার ভেতরে কাজ করে না। কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার দায়বদ্ধতার বিষয়টিও তাকে এখন ভাবায়।
মায়ের ভাবনা ও এগ ফ্রিজিং নিয়ে খোলামেলা মন্তব্য: রাইমার অবিবাহিত থাকা নিয়ে একসময় তার মা চিত্রনায়িকা মুনমুন সেন বেশ উদ্বিগ্ন থাকলেও এখন আর তা নেই। পরিস্থিতি অনুধাবন করে মা নিজেই তাকে জোর করে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন। রাইমা জানান, তার মা বলেছেন—জোর করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। ভবিষ্যতে একাকিত্ব এড়াতে প্রয়োজনে পোষ্য দত্তক নেওয়ার পরামর্শও দিয়েছেন তার মা।
মা হওয়ার ইচ্ছা প্রসঙ্গে রাইমা বলেন, তিনি শিশুদের দারুণ ভালোবাসেন। তবে একটি সন্তান লালন-পালনের বিশাল দায়িত্ব তিনি সঠিকভাবে সামলাতে পারবেন কি না, তা নিয়ে তার কিছুটা ভয় রয়েছে। অবশ্য ভবিষ্যতে এই ভাবনা বদলাতেও পারে বলে জানান তিনি।
মাতৃত্বের তাড়নায় ভবিষ্যতের কথা মাথায় রেখেই অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ বা এগ ফ্রিজ (Egg Freezing) করিয়ে রেখেছেন রাইমা। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কেবল মা হওয়ার জন্যই বিয়ে করা তার কাছে কোনো বাধ্যতামূলক বিষয় নয়।
আসছে নতুন সিনেমা: ব্যক্তিজীবনের পাশাপাশি কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন রাইমা সেন। খুব শীঘ্রই তাকে বড় পর্দায় দেখা যাবে ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ সিনেমায়। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।