1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি অবনতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View
Bangkok-Flood-Disaster-Declared-Thailand
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

টানা ভারী বর্ষণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বড় একটি অংশ পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতা ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার পর পরিস্থিতি মোকাবিলায় রবিবার (২৭ সেপ্টেম্বর) শহরটিকে আনুষ্ঠানিকভাবে ‘দুর্যোগকবলিত এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট।

গত ৪৮ ঘণ্টায় ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তীব্র এই বর্ষণে শহরের প্রধান প্রধান সড়কগুলো পানির নিচে চলে গেছে। কোথাও কোথাও যানবাহনের বড় অংশ ডুবে আছে এবং মানুষকে কোমরসমান পানি পেরিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে।

ঝুঁকিতে জনজীবন ও সম্পদ: ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, এই বন্যা মানুষের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করার পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পদেরও ব্যাপক ক্ষতির শঙ্কা বাড়িয়েছে। বিশেষ করে খালের আশপাশের নিচু এলাকাগুলোতে পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

উদ্ধার ও ত্রাণ তৎপরতা: বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। দুর্গতদের উদ্ধারে তারা কাজ শুরু করার পাশাপাশি নিরাপদ আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী রান্নাঘর স্থাপন করেছে। ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন শহরের স্কুলগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। ঝুঁকি এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বন্যার খবরে সাধারণ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার হিড়িক পড়েছে। সুপারশপগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। খালের তীরবর্তী বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতা জারি করে মূল্যবান জিনিসপত্র দ্রুত নিরাপদ ও উঁচুতে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমানবন্দর ও আবহাওয়া পরিস্থিতি: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সপ্তাহের শেষ পর্যন্ত ব্যাংককে বজ্রঝড়সহ ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বন্যার কারণে রাজধানীজুড়ে সড়ক যোগাযোগ ও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হলেও প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ‘সুবর্ণভূমি’-র কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে সম্ভাব্য যানজট এড়াতে পর্যটক ও যাত্রীদের ফ্লাইটের সময়ের চেয়ে অন্তত ২ থেকে ৩ ঘণ্টা হাতে সময় রেখে রওনা দেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে গত নভেম্বরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় অন্তত ১৪৫ জনের মৃত্যু হয়েছিল এবং হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT