যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার (১ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাম বিচ কাউন্টিতে ‘লিয়ারজেট-৬০’ মডেলের এই উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাম বিচ কাউন্টির ক্রিশহ্যাভেন এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের বেশ কয়েকটি আবাসিক বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাস্থল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত ‘মার-এ-লাগো’ রিসোর্ট থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। তবে বোকারাটন থেকে উড্ডয়ন করার প্রাথমিক যে খবর ছড়িয়েছিল, তা এখনো নিশ্চিত করা যায়নি। ফ্লাইট চলাকালীন প্রায় ৮ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় হঠাৎ ডান দিকে আকস্মিক বাঁক নিয়ে বিমানটি দ্রুত মাটির দিকে নেমে আসে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাটিতে আছড়ে পড়ার ঠিক আগমুহূর্তে বিমানটি একটি বড় গাছে সজোরে ধাক্কা খায় এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে ফেলে। এর ফলে মুহূর্তের মধ্যে সড়কে একটি বড় গর্তের সৃষ্টি হয় এবং চারদিকে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো আকাশ।
দুর্ঘটনার সময় স্থানীয় এলাকায় বৃষ্টি, তীব্র বজ্রপাত এবং ঘণ্টায় ১৫ থেকে ২৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। আবহাওয়া পরিস্থিতির এই আকস্মিক অবনতির সঙ্গে বিমান দুর্ঘটনার কোনো প্রত্যক্ষ সংযোগ রয়েছে কি না, তা বর্তমানে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন পরিবহন সচিব শন ডাফি।
(সূত্র: এনডিটিভি)