দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় টানা পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে তাঁকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় নানা স্লোগান দিয়ে তাঁর আগমনকে স্বাগত জানান।
উল্লেখ্য, গত ১১ মার্চ রমজানের ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে এবং পরপর দুটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১৪ এপ্রিল তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়, যেখানে দীর্ঘ দিন তাঁর পুনর্বাসন চিকিৎসা ও থেরাপি চলে।
তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস জানান, নিউরোসংক্রান্ত জটিলতা কাটিয়ে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের নিয়মিত ফলোআপ ও পরামর্শ অনুযায়ী তাঁর শারীরিক পুনর্বাসন প্রক্রিয়া চলছে।