ডেইলি বাংলার আকাশ
বোয়ালমারীতে অডিট কর্মকর্তার ঘুস নেওয়ার ভিডিও ফাঁস: ‘বাধ্য হয়েই দিলাম, এহন কাজ হবে নে’‘ঘুস ছাড়া ফাইল নড়ে না’— সেবা নিতে আসা শিক্ষকদের এমন দীর্ঘদিনের অভিযোগের সত্যতা মিললো ফরিদপুরের বোয়ালমারী উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে। সেখানে কর্মরত অডিট কর্মকর্তা কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুস নেওয়ার প্রত্যক্ষ অভিযোগ তুলেছেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এমনকি সাংবাদিকদের উপস্থিতিতেই টাকা নেওয়ার একটি ভিডিও ফুটেজ সম্প্রতি ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ভাটদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান জানান, একটি ঋণের ফাইলের মঞ্জুরির জন্য তিনি দীর্ঘদিন ধরে হিসাবরক্ষণ কার্যালয়ে ঘুরে হয়রানির শিকার হচ্ছিলেন। বারবার ঘোরানোর পর বাধ্য হয়েই ওই কর্মকর্তাকে ঘুস দিতে হয়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বুঝেন না, কী আর করা, বাধ্য হয়েই দিলাম। এহন কাজ হবে নে।”
অভিযোগের বিষয়ে অডিট কর্মকর্তা কামরুল ইসলাম প্রথমে ঘুস নেওয়ার কথা অস্বীকার করলেও, ভিডিও ফুটেজের কথা শুনে ঘটনা ধামাচাপা দিতে অনৈতিক সুবিধার প্রস্তাব করেন। এদিকে ঘটনা প্রসঙ্গে বোয়ালমারী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুহাম্মাদ মসিউর রহমান খান সুর নরম করে বলেন, “ছেলেটা ভুল করে ফেলেছে, তাকে একটা সুযোগ দেওয়া হোক।”
অভিযোগের বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, সেবাগ্রহীতাদের জিম্মি করে টাকা নেওয়া দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।