দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— নানিয়ারচরের কৃষ্ণমা ছড়ার রূপন্ত চাকমার স্ত্রী মেঘরানী চাকমা (৪৫), কোতোয়ালি থানার আমানতবাগের মৃত পরাশ্বর চাকমার মেয়ে শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগরের মৃত ললিত চন্দ্র চাকমার ছেলে শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে ছেড়ে আসা কুতুকছড়িগামী পিকআপটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে নানিয়ারচরের ঘিলাছড়ি গ্রামের শোভা চাকমার (৫২) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুই আহত— পিকআপ চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমাকে (৪৫) রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ জানায়, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।