দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ৬৫ বছর বয়সী এক নারীর পেট থেকে সফলভাবে ৬ কেজি ৪৫০ গ্রাম ওজনের একটি বিরল ওভারিয়ান টিউমার অপসারণ করা হয়েছে। চাঁদপুর শহরের মেরিন হাসপাতালে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় প্রায় দুই ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি বের করেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া এলাকার বাসিন্দা ও পাঁচ সন্তানের জননী মিলন বেগম (৬৫) গত কয়েক মাস ধরে পেটের অস্বাভাবিক ফোলাভাব, ব্যথা এবং খাবার গ্রহণে তীব্র সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম ও সিটি স্ক্যান করানো হলে তার পেটে বড় আকৃতির একটি টিউমার শনাক্ত হয়।
টিউমারটির আকার ও জটিলতার কারণে ঢাকার বাইরে বা কুমিল্লায় অস্ত্রোপচারের ঝুঁকি ও আর্থিক খরচের বিষয় উঠে আসে। তবে স্বজনরা চাঁদপুরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এরপর জুলাইয়ের শেষ দিকে রোগীকে ভর্তি করা হলে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এইচ এম হাসান ইমাম সানীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়। শনিবার সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি সম্পূর্ণ অপসারণ করা হয়। বর্তমানে রোগী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল।
অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া ডা. এইচ এম হাসান ইমাম সানী জানান, এত বড় আকারের টিউমার অত্যন্ত বিরল। রোগী দীর্ঘদিন ধরে এতে কষ্ট পাচ্ছিলেন। বৃদ্ধ বয়সে এটি বেশ ঝুঁকিপূর্ণ হলেও মানবিক দিক বিবেচনা করে তারা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচার দলের সদস্য ও জেনারেল সার্জন ডা. হাসান জুলকার নাইন বলেন, টিউমারটি আকারে বড় হওয়ায় তা পেটের ভেতরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ ও রক্তনালীর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছিল। ফলে রক্তক্ষরণ ও অন্যান্য জটিলতার আশঙ্কা থাকলেও সফলভাবে পুরো টিউমারটি বের করা সম্ভব হয়েছে।
মেরিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জিহাদুল ইসলাম সফল অস্ত্রোপচারের জন্য চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, কম খরচে জটিল রোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই তারা সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করছেন। জেলা পর্যায়ে এই ধরনের সফল অস্ত্রোপচার স্থানীয় স্বাস্থ্যসেবার ওপর সাধারণ মানুষের আস্থা বাড়াবে।