বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এ সেমিনার ও কর্মশালা আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আজম।
কর্মশালায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রেখে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে ফরিদপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং মতবিনিময়ের মাধ্যমে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসন ফরিদপুরের সহযোগিতায় এ সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।