দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৫ আগস্ট থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
পিএসসি সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে মোট ২ হাজার ১৬০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদিন ১৮০ জন করে প্রার্থী অংশ নেবেন। ঘোষিত তারিখগুলো হলো— ২৫, ২৭, ৩০ ও ৩১ আগস্ট এবং ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর।
এদিকে লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অপরাধে সাতজন প্রার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন। এর মধ্যে পরীক্ষার হলে মোবাইল ও স্মার্টওয়াচ আনা এবং নির্ধারিত সময়ের আগেই হল ত্যাগের অপরাধে দুইজনের পরীক্ষা বাতিল করা হয়। এছাড়া অন্য প্রার্থীর খাতা দেখে নকল করা এবং উত্তরপত্রে আপত্তিকর লেখালেখির অভিযোগে আরও পাঁচ প্রার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে এই পাঁচজনকে চলতি বছরসহ পরবর্তী এক বছরের জন্য পিএসসির সব পরীক্ষা ও নিয়োগ কার্যক্রমে অযোগ্য ঘোষণা করা হয়েছে।