দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘র্যামন ম্যাগসাইসাই পুরস্কার’ লাভ করেছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।
সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলাভিত্তিক প্রতিষ্ঠান ‘র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন’ এ বছরের বিজয়ীদের নাম প্রকাশ করে। এবার রুনা খানের পাশাপাশি যৌথভাবে এ পুরস্কারে ভূষিত হয়েছেন সিঙ্গাপুরের কূটনীতিক টমি কোহ এবং মিয়ানমারের রাজনৈতিক বিশ্লেষক ও অধিকারকর্মী বো চি।
এই ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ৬৮তম র্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসব। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে এক জমকালো সমাপনী আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
বাংলাদেশের ১৪তম নাগরিক হিসেবে আন্তর্জাতিক এই সম্মাননা অর্জন করলেন রুনা খান। এর আগে সর্বশেষ ২০২৩ সালে ‘জাগো ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ এই পুরস্কার লাভ করেছিলেন।
উল্লেখ্য, ২০০২ সালে রুনা খানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ‘ফ্রেন্ডশিপ’। গত দুই দশকেরও বেশি সময় ধরে সংস্থাটি দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, পরিবেশগত সংকট মোকাবেলা, চরম দারিদ্র্য বিমোচন এবং সামাজিক বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে কাজ করে আসছে।