জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নাঈম হাসান। তিনি দাবি করেন, ডিবি পরিচয়ে কয়েকজন তাকে আটক করে মারধর করেন এবং পরে থানায় নিয়ে গিয়ে হেনস্তা করা হয়।
বিসিবি এক বিবৃতিতে জানায়, একজন জাতীয় ক্রীড়াবিদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
অভিযোগে নাঈম হাসান বলেন, তাকে সিএনজিতে তুলে দরজা লক করে দেওয়া হয় এবং কোনো ব্যাখ্যা না দিয়েই ‘তুই আসামি’ বলে হুমকি দেওয়া হয়। পরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও তিনি দাবি করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে তার পরিচয় নিশ্চিত করা হলেও তাকে ছাড় দেওয়া হয়নি এবং একপর্যায়ে তার মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।