আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার খাল খননের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং সেচ ব্যবস্থার উন্নয়নে এ উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। দীর্ঘ সময় পর পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষি ও পানি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পাবে। পাশাপাশি সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে।
সরকারের কৃষি সহায়তা কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ ও সার কেনার জন্য আর্থিক সহায়তা পাবেন।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্থিতিশীলতা আনতে সরকার কর নীতিতে পরিবর্তন এনেছে এবং কিছু পণ্যে কর হ্রাস করা হয়েছে।
সফরের অংশ হিসেবে তিনি দিনব্যাপী কক্সবাজারে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন কার্যক্রমে অংশ নেন। সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।