বাংলার আকাশ ডেস্ক :
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খোরশেদ আলমের নিয়োগের প্রতিবাদ এবং তার পদত্যাগের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাকিগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, পূর্বে দায়িত্ব পালন করা খোরশেদ আলমকে পুনরায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা তারা গ্রহণযোগ্য মনে করেন না। তারা এ নিয়োগ পুনর্বিবেচনা এবং তার পদত্যাগের দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, ব্যাংক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে ইসলামী ব্যাংক থেকে কথিতভাবে বেরিয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা দাবি করেন, ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক প্রভাবের বাইরে রেখে ব্যাংক পরিচালনায় সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।