ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এছাড়া আরেক ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন।
রোববার দিবাগত রাতে দোগাছি ও সমষপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২টার দিকে দোগাছি সেনা ক্যাম্পের সামনে দুটি মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
দুর্ঘটনায় এক ট্রাকচালক গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মো. হোসেন (৩৫) চুয়াডাঙ্গার বেলগাছি মুসলিম পাড়ার বাসিন্দা।
এদিকে রাত ৩টার দিকে সমষপুর যাত্রী ছাউনির সামনে মাওয়াগামী লেনে বাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত হন। আহতরা হলেন বগুড়ার মোহাম্মদ তৌফিক সিদ্দিক, ফরিদপুরের সিনতিয়া এবং সিরাজগঞ্জের হামিদা।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের দুটি স্থানেই যানজটের সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
বর্তমানে নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। পৃথক দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।