বাংলার আকাশ ডেস্ক :
খুলনার দাকোপ উপজেলায় দুই আসামিকে আটক করার পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার পানখালী ইউনিয়নের খোনা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, একটি মামলার এজাহারভুক্ত দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিল র্যাব। এ সময় স্থানীয় কিছু লোকজন জড়ো হয়ে তাদের ছিনিয়ে নেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের খাস জমিতে মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগে এ নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রতিবাদে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচির আগে বাজার এলাকা থেকে রসুল গাজী ও ফারুক নামে দুইজনকে আটক করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয়দের একাংশ তাদের ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে যৌথ অভিযানে ওই দুইজনকে পুনরায় আটক করা হয়। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।