দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে নিজ দলীয় ওই এমপির ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান।
বিবৃতিতে জামায়াত নেতা অভিযোগ করেন, শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে জনসংযোগ শেষে বাড়ি ফেরার পথে পুলিশের স্কট থাকা অবস্থাতেই এমপি আমির হামজার ওপর হামলা চালানো হয়। তাঁকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট-পাটকেল নিয়ে এই অতর্কিত হামলা চালায় বলে দাবি করেন তিনি।
এই হামলায় সংসদ সদস্য নিজে, তাঁর পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ অন্তত সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন হামলার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও জানান, এমপি আমির হামজা সম্ভাব্য বিশৃঙ্খলা ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছিলেন। তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় ছিল, যা অত্যন্ত দুঃখজনক। পুলিশ সময়মতো কঠোর পদক্ষেপ নিলে এ ধরনের ঘটনা ঘটত না বলে তিনি উল্লেখ করেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।