দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ২২ বছর বন্দি থাকার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সুলতান হাওলাদার (৬৪)। হৃদ্রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল আটটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া সুলতান হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, একটি হত্যা মামলায় আদালত ২০০৪ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে টানা বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, সুলতান হাওলাদার একটি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেও দীর্ঘ সময়ের ব্যবধানে মামলাটির বিস্তারিত তথ্য কারা কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত নেই। যে কারণে সুনির্দিষ্ট কোন হত্যাকাণ্ডের অপরাধে তাঁর মৃত্যুদণ্ড হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
জেলার আবু ইউসুফ জানান, নিয়মানুযায়ী মৃত্যুর পর নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এরপর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।