দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
সৌদি প্রো লিগের নতুন মৌসুমে টানা জয়ের ধারা বজায় রেখে আল নাসর যেন রূপকথার গল্প লিখে চলেছে। আল ইত্তিফাকের পর ঘরের মাঠ আল আউয়াল পার্কে পিছিয়ে পড়েও আল তাওয়ুনকে ২-১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
ম্যাচের শুরুটা অবশ্য আল নাসরের জন্য স্বস্তিদায়ক ছিল না। ১১ মিনিটেই বাসেম মোহাম্মদ আলহুরাইজির লক্ষ্যভেদে এগিয়ে যায় আল তাওয়ুন। তবে পিছিয়ে পড়েও খেই হারায়নি স্বাগতিকরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে (৪৫+৫ মি.) রোনালদোরই পর্তুগিজ সতীর্থ সামু কস্তা দলকে সমতায় ফেরান।
বিরতির পর নায়ক হিসেবে আবির্ভূত হন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে (৫০ মি.) মোহাম্মদ সিমিকানের শটে ৬ গজের দূরত্বের বুদ্ধিমত্তাপূর্ণ এক ডানপায়ের ফ্লিকে প্রতিপক্ষের জাল কাঁপান তিনি। এই দূরদর্শী গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের জয়সূচক গোল হিসেবে প্রমাণিত হয়।
রোনালদোর এই ঝলকেই ২-১ ব্যবধানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ে চলতি মৌসুমে টানা ৪ ম্যাচের ৪টিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান সুসংহত করল রিয়াদের ক্লাবটি।