দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানা গেছে, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহণের জন্য একটি নতুন নৌ-করিডোর চালু করেছে যুক্তরাষ্ট্র। এই নতুন রুট ব্যবহার করে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ১ কোটি (১০ মিলিয়ন) ব্যারেল তেল নিরাপদে পাঠানো হচ্ছে।
বুধবার (১৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালি এখন উন্মুক্ত রয়েছে এবং সেখানে প্রচুর জাহাজ চলাচল করছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে চলা বিশেষ অভিযানের অংশ হিসেবে ওমানের দক্ষিণ উপকূলীয় চ্যানেল দিয়ে ১৫ থেকে ২০টি তেলবাহী ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বর্তমানে এই পথ দিয়ে দৈনিক যে ১ কোটি ব্যারেল তেল সরবরাহ করা হচ্ছে, তা চলমান সংঘাতের আগের সময়ের তুলনায় প্রায় অর্ধেক।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রসঙ্গে ট্রাম্প বলেন, যেখানে প্রতি ব্যারেল তেলের দাম ৩৫০ ডলারে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছিল, সেখানে তা বর্তমানে কমে ৮৪ থেকে ৮৫ ডলারের মধ্যে নেমে এসেছে।
তিনি আরও ইঙ্গিত দেন, ভবিষ্যতে হরমুজ প্রণালির ওপর বিশ্ববাজারের নির্ভরতা অনেকটাই কমে আসতে পারে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিকল্প পথ তৈরির পাশাপাশি রেকর্ড সংখ্যক নতুন পাইপলাইন নির্মাণ করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র নিজেও বিপুল পরিমাণ তেল রপ্তানি করতে সক্ষম হচ্ছে।