বাংলার আকাশ ডেস্ক :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফৌজদারহাট এলাকায় পাওয়ার কার এবং এর সঙ্গে সংযুক্ত একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, আগুনের সময় বগিতে থাকা যাত্রীরা নিরাপদে বাইরে চলে গেছেন এবং লাগেজও উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বগিগুলো আলাদা করা হয়েছে এবং চট্টগ্রাম থেকে নতুন পাওয়ার কার যোগ দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
অগ্নিকাণ্ডের কারণে ঢাকাগামী লেনে কিছুটা ভাড়া ব্যাহত হলেও কোনো ট্রেনের শিডিউল বাতিল হয়নি। বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে।