বাংলার আকাশ ডেস্ক :
পেশাগত স্বার্থ সংরক্ষণ ও সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতির জেলা ও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ আয়োজন করে সমিতির ফরিদপুর জেলা শাখা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ এম. এ. রশিদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব কে. এস. হোসেন টমাস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুল হক মিয়া।
ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। বক্তারা দলিল লেখকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
তাদের মতে, দীর্ঘদিন ধরে উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়িত হলে দলিল লেখকদের কর্মপরিবেশ উন্নত হবে এবং জনসেবার মান আরও বৃদ্ধি পাবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সম্মেলনে ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত দলিল লেখকরা অংশগ্রহণ করেন। এ সময় দাবি আদায়ের ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তিনজন প্রয়াত দলিল লেখকের পরিবারের হাতে এক লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২০২৯ মেয়াদের জন্য ৭১ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে মো. সাইফুল ইসলাম সভাপতি এবং মো. শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতারা সংগঠনের দাবি-দাওয়া বাস্তবায়ন এবং দলিল লেখকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।