বাংলার আকাশ ডেস্ক :
রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক সপ্তাহ পর শুক্রবার দিবাগত রাত ১টার দিকে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াসিন খান পলাশের বাড়ি রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায়। তিনি এর আগে একটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং সম্প্রতি জামিনে কারাগার থেকে মুক্তি পান।
গত ১২ জুন জুমার নামাজ শেষে রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় নিজ বাসার নিচে অবস্থানকালে সশস্ত্র হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।
হামলায় গুরুতর আহত পলাশকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার গভীর রাতে তিনি মারা যান।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।