দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা ও শুভকামনা জানান।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, “ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। জন্মদিনে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে ভারতীয় জনগণের প্রতি আপনার সেবা ও নিরলস কর্মযজ্ঞ অব্যাহত থাকুক—এই কামনা করি।”
বার্তার জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ধন্যবাদ জ্ঞাপন করে বার্তা দেন এবং প্রধানমন্ত্রীর আন্তরিক প্রশংসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি ৭৬ বছরে পদার্পণ করলেন। তিনি ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হন। পরবর্তীতে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের পর তিনি টানা তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
নরেন্দ্র মোদির জন্মদিনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানগণ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তার মাধ্যমে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের কূটনৈতিক গুরুত্ব ও পারস্পরিক সৌজন্যবোধ প্রকাশ পেয়েছে।